নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
সৌদি আরবের মক্কায় দুজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশটির রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। আজ রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বিষয়ে ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ারের হাতে একটি কূটনৈতিকপত্র হস্তান্তর করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব মোপ্রকৃতপক্ষে মো. নজরুল ইসলাম সৌদির এই কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে কথা বলেন এবং চিঠিটি দেন।
এর আগে গত বুধবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়, মক্কার একটি মসজিদ এলাকায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই খবর প্রকাশ পাওয়ার পরপরই কূটনৈতিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত হতে এবং বিস্তারিত জানতে তৎপর হয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া ওই কূটনৈতিকপত্রে ঘটনার প্রকৃত তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের আইনি সহায়তা কিংবা কনস্যুলার সুবিধা দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার অংশ হিসেবেই সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই নাগরিকের বিস্তারিত পরিচয় এবং তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর