
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
আপত্তিকর কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তোলপাড় দেশের বিনোদন অঙ্গন। এবার সেই ঘটনায় সরাসরি মাছরাঙা টেলিভিশনকেই দায়ী করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি।
চ্যানেলটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলো সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেগুলো ডিলিট করে অফিসিয়াল ইনস্টাগ্রামে প্রকাশিত দুঃখ প্রকাশকে ‘অপর্যাপ্ত’ উল্লেখ করেন নায়িকা পরীমনি। তিনি দাবি করেন, এই কাণ্ড তার স্বাভাবিক জীবন, মানসিক শান্তি এবং পেশাগত কাজ মারাত্মকভাবে ব্যাহত করেছে।
গত সোমবার দিনগত রাতে আপলোড হওয়া এসব কনটেন্ট মঙ্গলবার সকাল পর্যন্ত অ্যাকাউন্টে দেখা যায়। প্রথম দুটির ভিডিওর ভিউ যথাক্রমে প্রায় ১ লাখ ৫৫ হাজার এবং ১ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে যায়। এ ছাড়া হাজারের বেশি প্রতিক্রিয়া ও বিপুলসংখ্যক মন্তব্য জমা পড়ে।
শনিবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পরীমণি লেখেন, ‘ডিয়ার মাছরাঙা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজেই দিচ্ছে না। আপনারা আমার স্বাভাবিক জীবনটা আবার দুর্বিষহ করে দিয়েছেন। এর সম্পূর্ণ দায়ভার আপনাদের।’
তিনি আরও জানান, ট্রোল ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের কারণে নিজের বাচ্চাদের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারছেন না। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী।
অন্যদিকে, মাছরাঙা টেলিভিশনের দাবি, তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হয়েছিল। প্রতিষ্ঠানটির মাল্টিমিডিয়া ম্যানেজার সংবাদমাধ্যমকে জানান, অননুমোদিত প্রবেশের মাধ্যমে এই কনটেন্টগুলো ছাড়া হয় এবং তারা দায়ীদের শনাক্ত করতে আইনি ব্যবস্থার উদ্যোগ নিচ্ছেন।
এ ঘটনার প্রতিবাদে অন্য অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ডিপফেকের বিরুদ্ধে সোচ্চার হলেও, ক্ষুব্ধ পরীমণি সরাসরি মাছরাঙা টেলিভিশনকেই পুরো মানসিক ও পেশাগত ক্ষতির জন্য দায়ী করেছেন।