
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
নিয়োগ পাওয়ার এক সপ্তাহ না যেতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা জেলার কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ছোটন। আজ মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে চলে যান তিনি। তাঁর সহকর্মী সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর তিনি ঢাকা জেলার কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। কোচের অকালপ্রয়াণে শোক প্রকাশ করেছে বিসিবি।
২০১১ সালে বিসিবিতে যোগ দেওয়ার পর ছোটন অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগীয় দল এবং ইয়ুথ ক্রিকেট লিগের (ওয়াইসিএল) বিভিন্ন দলের কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেছিলেন। ঢাকা জেলার কোচ হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি ঢাকা মেট্রোর সহকারী কোচের দায়িত্বে ছিলেন। সর্বশেষ তিনি রবি বোলার হান্ট কর্মসূচির ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন।