
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রী সেজে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক সাখাওয়াত হোসেনকে হত্যার দায়ে প্রধান আসামিসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু কামাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ১৩ অক্টোবর বিকেলে শালাইপুর বাজার থেকে পাথরঘাটার উদ্দেশে সাখাওয়াতের ভ্যান ভাড়া নেন প্রধান অভিযুক্ত হাবিল উদ্দিন।
পাথরঘাটা সেতুর কাছে ফাঁকা জায়গায় পৌঁছানোর পর লোহার শাবল দিয়ে সাখাওয়াতের মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয় এবং পরে ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাবিল উদ্দিন, আনোয়ার হোসেন, জাকারিয়া ও জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব।
মামলার পর জয়পুরহাট ও নওগাঁয় অভিযান চালিয়ে আসামিদের ধরা হয় এবং তাদের দেওয়া তথ্যে ভ্যান, শাবল, রক্তমাখা গামছা ও বিক্রির টাকার মধ্য থেকে ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।