
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিকরা।
প্রেসক্লাবের সভাপতি এস এম সুলতান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নোমান মিয়ার সঞ্চালনায় মতবিনিময়ে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মো. আসাদুজ্জামান খান, সহসাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া, নির্বাহী সদস্য জিলানী আকঞ্জী, রাসেল তালুকদার, মনির মিয়া, সোহাগ মিয়া ও তানভীর তালুকদারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।
মতবিনিময়কালে চুনারুঘাটের সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এ সময় সাংবাদিকরা বলেন, স্থানীয় জনগণের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। এলাকার উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক আস্থা বজায় রাখা জরুরি। সাক্ষাৎকালে চুনারুঘাটের উন্নয়ন, জনকল্যাণ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।