
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে বান্দরবানে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে বান্দরবান পার্বত্য জেলা উৎসব উদযাপন পরিষদ। আগামী ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত জেলা জুড়ে আয়োজিত এ উৎসবে থাকছে ধর্মীয় আচার-অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন ঐতিহ্যবাহী আয়োজন।
উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উক্যসিং মামা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে উৎসব সম্পন্ন করার লক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবের শুভ সূচনা হবে ২১ অক্টোবর বুধবার বিকেল ৩টায় হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধনের মাধ্যমে। এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য উ চনুমং মার্মা। প্রতিযোগিতাটি চলবে ২৪ অক্টোবর পর্যন্ত এবং ওই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মিসেস মাধবী মারমার।
উৎসবে সুস্থ প্রতিযোগিতা ও ক্রীড়ানুরাগ বাড়াতে আগামী ২৫ অক্টোবর রোববার সকাল সাড়ে ৫টায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উ কে এস মং মার্মা। ধর্মীয় আচারের অংশ হিসেবে ২৬ অক্টোবর সোমবার বিকেল ৫টায় পুরাতন রাজবাড়ি প্রাঙ্গণ থেকে রাজগুরু বৌদ্ধবিহার (খ্যংওয়াক্যং) ও উজানীপাড়া রাজগুরু বৌদ্ধবিহারে (খিয়ংফিয়াক্যং) পূজা অর্চনার উদ্দেশ্যে বের করা হবে ঐতিহ্যবাহী মঙ্গল রথযাত্রা।
একই দিন সন্ধ্যা ৬টায় রাজগুরু বৌদ্ধবিহার প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্বালন এবং আকাশে ওড়ানো হবে রঙিন ফানুস। রাত ৭টায় স্থানীয় বিভিন্ন পাড়াভিত্তিক ঐতিহ্যবাহী পিঠা তৈরির উৎসব অনুষ্ঠিত হবে। সপ্তাহব্যাপী এ আয়োজনের পর্দা নামবে ২৭ অক্টোবর মঙ্গলবার। ঐ দিন বিকেল ৪টায় দায়ক-দায়িকা ও ভক্তবৃন্দের পূজার উদ্দেশ্যে রথটি পুরাতন রাজবাড়ি থেকে শহরের বিভিন্ন পাড়া প্রদক্ষিণ করে উজানীপাড়া খেয়াঘাটে গিয়ে উৎসর্গ করা হবে।
বান্দরবান পার্বত্য জেলা উৎসব উদযাপন পরিষদ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে এ বর্ণাঢ্য আয়োজন সফল করতে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছে।