
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের ওয়্যারহাউসে হামলা ও লুটপাটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী প্রতিষ্ঠানের দাবি, হামলাকারীরা এ সময় প্রায় ৩১ লাখ টাকার বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম ও যন্ত্রপাতি জোরপূর্বক নিয়ে গেছেন।
প্রতিষ্ঠানটির দেওয়া হিসাব অনুযায়ী, লুট হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে একটি সিসকো কোর ডিভাইস, একটি রাউটার, নয়টি ডাহুয়া এনভিআর, ৩৮টি ১০ টেরাবাইট হার্ডডিস্ক এবং একটি সার্ভার র্যাক। এ ছাড়া ৪০টি ক্যামেরা, আটটি করে সিপিইউ ও মনিটর এবং একটি ল্যাপটপও লুট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও জানানো হয়, গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে চেপে দুজন ব্যক্তি ওই ওয়্যারহাউসে প্রবেশ করেন। সেখানে তাঁরা অপারেশন ম্যানেজার নিজাম উদ্দিনের সন্ধান করেন এবং তাঁকে না পেয়ে নিরাপত্তাকর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে। পরবর্তী সময়ে জুয়েল নামের এক ব্যক্তি তাঁদের অন্য আরেকটি কার্যালয়ে গিয়ে হামলা, ডাকাতি এবং সেটি দখলের পরিকল্পনা চলছে বলে তথ্য দিয়েছিলেন।
ঘটনার পর সাইফুল নামের এক ব্যক্তি মুঠোফোনে কল করে এই ডাকাতির ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য নানা ধরনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া এর আগে ক্যাপ্টেন ইমনের পরিচয়ে ওই প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন আফসার উদ্দিন।