
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
বাস্তব দুনিয়ার নানা দায়িত্ব পালনের উপযোগী করে তুলতে মানুষের আকৃতির রোবট বা হিউম্যানয়েডের জন্য একটি বিশেষ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র যাত্রা শুরু করেছে। জার্মানির মিউনিখ শহরে ‘টিইউএম রোবোজিম’ নামের এই আধুনিক কেন্দ্রটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটি তথা টিইউএম এবং প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান নিউরা রোবোটিকস যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। এই যৌথ প্রতিষ্ঠানের মাধ্যমেই বিশ্বমানের এই প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে।
নবনির্মিত এই কেন্দ্রে হিউম্যানয়েড রোবটগুলোকে বিভিন্ন ধরনের শারীরিক কর্মকাণ্ডের ওপর নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। রোবটগুলো যেন মানুষের মতো হাত-পায়ের ব্যবহার করে নিখুঁতভাবে কাজ করতে পারে, সেই লক্ষ্যে কাজ চলছে এখানে।
গত ২২ অক্টোবর ঘটা করে এই গবেষণা কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উদ্বোধনের দিনেই সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই যন্ত্রমানবের নানামুখী প্রশিক্ষণ ও বিভিন্ন কসরত সকলের সামনে প্রদর্শন করা হয়।