
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
ফরিদপুরে একটি ব্যবসাকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় তিন হাজার মণ পাট সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় দুই কোটি টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলা হঠাৎ করেই একটি পাটবোঝাই গুদামে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। রাত আটটার দিকে এই ঘটনা ঘটার পরপরই তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং গুদামগুলোতে তীব্র বেগে আগুন জ্বলতে দেখেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্থানীয় এক স্বজন কাশেম মণ্ডল সংবাদমাধ্যমকে জানান, ওই সময় বাজারে গিয়ে তারা সাতটি গুদাম আগুনে পুড়তে দেখেন। এই গুদামগুলোতে থাকা তিন হাজার মণ পাটের বর্তমান বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে কিছু মালামাল ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে বা কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
বর্তমানে আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মোট ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ কত হয়েছে, তা নিরূপণের কাজও চলমান রয়েছে।
সূত্র: আজকের পত্রিকা