
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
দেশীয় পণ্যের প্রসার, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং নারী উদ্যোক্তাদের সফলতাকে উদ্যাপন করার লক্ষ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি উৎসব।
গত শুক্রবার রাজধানী ঢাকার বনশ্রীর একটি রেস্তোরাঁয় দিনব্যাপী এই জমকালো অনুষ্ঠানটি আয়োজিত হয়। ‘পঞ্চমীর আলোয় অনন্যা-উদ্যোক্তাদের মহামিলনমেলা ২০২৬’ শিরোনামের এই বিশেষ আয়োজনে দেশের নানা প্রান্ত থেকে আগত নারী উদ্যোক্তা ছাড়াও বহু বিশিষ্ট অতিথি ও শুভানুধ্যায়ী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিনা সুলতানা। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলো করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যুগ্ম সচিব ও সদস্য পরিচালক সালেহা বিনতে সিরাজ এবং গুণী অভিনয়শিল্পী ও লেখক ফারজানা ছবি।
বিভিন্ন অঙ্গনের নামী ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সেখানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনয়শিল্পী ফেরদৌস আরা বন্যা, বাংলাদেশ টেলিভিশনের সুপরিচিত উপস্থাপক ও সংগীতশিল্পী সৈয়দা আফসানা রুমকি এবং খ্যাতনামা ফুড কনটেন্ট ক্রিয়েটর আমিনুল করিম (পেটুক সাহেব)।
এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোসোশ্যাল কনসালট্যান্ট অ্যাডভোকেট রিসালাতুন্নাহার রিনা ও আশরাফুননেছা মেবিনসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।
নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য বক্তারা প্রশংসা করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিনা সুলতানা ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের সর্বদা পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ‘খ তে খাঁটি পরিবার’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সালেহা বিনতে সিরাজ নারী উদ্যোক্তাদের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি নারী উদ্যোক্তাদের এই অগ্রযাত্রা ভবিষ্যতে অব্যাহত রাখার আহ্বান জানান এবং তাঁদের ব্যবসায়িক ক্ষেত্রে পূর্ণাঙ্গ সাফল্য অর্জনের জন্য শুভকামনা জ্ঞাপন করেন।
দিনজুড়ে চলা এই বর্ণিল আয়োজনে নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন মানসম্মত পণ্যের প্রদর্শনী ও বিক্রির জন্য বেশ কিছু স্টল স্থাপন করা হয়। এসব স্টলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সফল উদ্যোক্তাদের নিজেদের মুখ থেকে তাঁদের ব্যবসায়িক পথচলার গল্প শোনা। তাঁরা একে একে মঞ্চে এসে তাঁদের সাফল্য অর্জনের পেছনের কঠিন সংগ্রাম, কঠোর অধ্যবসায় এবং বাস্তব অভিজ্ঞতার কথা উপস্থিত সবার সঙ্গে ভাগ করে নেন।
এ ছাড়া উৎসবটিকে আরও উপভোগ্য ও আনন্দদায়ক করে তুলতে দিনব্যাপী নানা ধরনের আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল রোমাঞ্চকর র্যাফল ড্র, আনন্দদায়ক ইনডোর গেম এবং শিশুদের বিনোদনের জন্য বিশেষ মাসকটের উপস্থিতি।
অনুষ্ঠানের শেষভাগে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং উদ্যোক্তাদের নিজস্ব পণ্য ও পোশাক প্রদর্শনী নিয়ে একটি জমকালো র্যাম্প শো। উল্লেখ্য, পুরো আয়োজনটির ফুড পার্টনার বা আইসক্রিম পার্টনার হিসেবে যুক্ত ছিল জনপ্রিয় ব্র্যান্ড ইগলু।
সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।