
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
বিরোধী দলে থাকা অবস্থায় দাফনে বাধার মতো ঘটনা ঘটলে রাষ্ট্রক্ষমতায় গেলে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন তাসনিম জারা। সম্প্রতি পিরোজপুরে ঘটিত একটি মর্মান্তিক ঘটনার বিবরণ দিয়ে তিনি একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছেন, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়, গত শনিবার সকাল ১০টার দিকে ৮৭ বছর বয়সী মানিক পশারী মৃত্যুবরণ করেন। এই প্রবীণ ব্যক্তির মৃত্যুর পর তাঁর পরিবারকে দীর্ঘ সময় ধরে চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাতে হয়।
স্থানীয় জামায়াতের কিছু নেতাকর্মী এলাকায় মিছিল বের করেন এবং মাইক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে জানান যে, মানিক পশারীকে পিরোজপুরে কোনোভাবেই দাফন করতে দেওয়া হবে না।
পারিবারিক সূত্রে জানা যায়, মানিক পশারীর দাফনের জন্য প্রথমে বাড়িতেই একটি কবর খনন করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে কিছু লোক এসে সেই কবরটি মাটিচাপা দিয়ে ভরাট করে দেন।
নিহত মানিক পশারীর মেয়ে সীমু আক্তার স্থানীয় সাংবাদিকদের কাছে এই লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, পরিস্থিতি আরও অবনতি হওয়ার ভয়ে কেউ আর কবর খুঁড়তে এগিয়ে আসেননি এবং কাউকে পাওয়াও যায়নি।
শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে মৃত ব্যক্তির নিজের মেয়ে সীমু আক্তার এবং তাঁর ফুফুরা মিলে নতুন করে কবর খুঁড়েন। একজন বয়োবৃদ্ধ মানুষের মৃত্যুর পর তাঁর পরিবারকে এমন অমানবিক পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং নারীদের নিজে হাতে কবর খুঁড়তে হয়।
সূত্র: আজকের পত্রিকা