
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
রাজস্থানের সিকার শহরের সালাসার বাসস্ট্যান্ডসংলগ্ন একটি ওষুধের দোকানের সাধারণ কর্মী সমীর খান সম্প্রতি একটি নজিরবিহীন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। গত বুধবার তিনি নিজের প্রিপেইড মোবাইল নম্বরে রিচার্জ করার উদ্দেশ্যে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে নিজের হিসাবের স্থিতি দেখতে যান।
অ্যাপে পিন কোড প্রবেশ করানোর পর তিনি দেখতে পান যে তাঁর অ্যাকাউন্ট সম্পূর্ণ শূন্য। এই অস্বাভাবিক পরিস্থিতি দেখে তিনি আরও গভীর অনুসন্ধান শুরু করেন এবং জানতে পারেন যে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার কোটি রুপিরও বেশি অর্থের ওপর লিয়েন বা দেনার দায়ভার আরোপ করা হয়েছে।
নিজের বেতনের সঙ্গে এই বিশাল অঙ্কের অসঙ্গতি দেখে ঘাবড়ে যান ওই তরুণ। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি তাঁর কর্মস্থলের মালিক ধীরজ শর্মাকে অবহিত করেন এবং উভয়ে মিলে সিকারের সাইবার থানায় উপস্থিত হন।
থানায় যাওয়ার পর পুলিশ কর্মকর্তারা তাঁদের কোনো আইনি পদক্ষেপ বা মামলা নেওয়ার বদলে সরাসরি সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
পুলিশের পরামর্শ অনুযায়ী তাঁরা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে ব্যাংক কর্তৃপক্ষ জানায় যে সিস্টেমের কোনো যান্ত্রিক বা কারিগরি ত্রুটির ফলেই এমন বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
সূত্র: আজকের পত্রিকা