
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
স্বাধীনতার পর ভারতীয় ইতিহাসে এই প্রথম কোনো রাজ্যে বামপন্থী পরিচালিত সরকার ক্ষমতায় নেই। পূর্বে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা হাতছাড়া হওয়ার পর সম্প্রতি কেরালা থেকেও বাম শাসন বিদায় নিয়েছে। ফলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংসদীয় বামপন্থা গভীর সংকটের মুখে পড়েছে।
তবে এই প্রতিকূলতার মধ্যেও অন্য একটি ইতিবাচক চিত্র দেখা যাচ্ছে। রাজপথের গণ-আন্দোলন ও সংগ্রামের ক্ষেত্রে বামপন্থী শক্তিগুলো নিজেদের নতুনভাবে মেলে ধরছে।
পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, এটি যেমন অত্যন্ত কঠিন, তেমনই বেশ সম্ভাবনাময় একটি সময়। ২০১১ সালের পর থেকে পশ্চিমবঙ্গের বাম শিবিরের ধারাবাহিক রাজনৈতিক ক্ষতি ও রক্তক্ষরণ ঘটেছে।
বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে মতপার্থক্য এবং একে অপরের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে, যার অনেকগুলোরই যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। তা সত্ত্বেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সমস্ত ব্যবধান ও দেয়াল ভেঙে তাঁদের এক মঞ্চে নিয়ে আসছে এবং একত্রিত করছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।
বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে সংকটের প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ইউরোপ বলতে জীবনযাত্রার মানসহ যে উন্নত ধারণাগুলো এতদিন আমাদের সামনে পরিচিত ছিল, তা আজ বড় ধরনের প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর ১৯৪৫ সালে যে নতুন ইউরোপের আত্মপ্রকাশ ঘটেছিল, সেই উদারনৈতিক গণতান্ত্রিক ইউরোপ এখন ভেঙে পড়ছে এবং মারাত্মক দুর্বল হয়ে পড়েছে। অথচ এর বিপরীতে এখনো সম্পূর্ণ নতুন কোনো ইউরোপ গড়ে ওঠেনি।
এই সন্ধিক্ষণে ইউরোপের সর্বত্র একযোগে অতি দক্ষিণপন্থী দলগুলোর শক্ত উত্থান ঘটছে। জার্মানিতে নিও-নাৎসি এএফডি দল শক্তিশালী হচ্ছে, ইতালিতে মুসোলিনির উত্তরসূরিরা মাথাচাড়া দিয়ে উঠছে।
একইভাবে স্পেনে ভক্সের মতো রাজনৈতিক দল এবং ফ্রান্সে লা পেনের দল প্রভাব বিস্তার করছে। এই ডানপন্থী উত্থানের চিত্রটি যেমন সত্য, তেমনই এর বিপরীত চিত্রও বেশ স্পষ্ট।
বৈষম্যবিরোধী আন্দোলন, আবাসনের বর্ধিত ভাড়া কমানোর দাবি, শিক্ষার অধিকার এবং কর্মসংস্থানের দাবিতে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসছেন। কোথাও কোথাও এই জনস্রোত লাখে গিয়ে ঠেকছে।
ফ্রান্সে অত্যন্ত ঐতিহাসিক সব গণআন্দোলন দেখা যাচ্ছে। পাশাপাশি ইতালি, স্পেন, পর্তুগাল এবং বেলজিয়ামেও একই ধরনের প্রতিবাদের ছবি ফুটে উঠছে। এসব জনবিক্ষোভ ও আন্দোলনের কেন্দ্রবিন্দুতে অত্যন্ত জোরালোভাবে অবস্থান করছেন বামপন্থীরা।
ফ্রান্সে একদিকে যেমন উগ্র ডানপন্থী নেতা লা পেনের উত্থান ঘটছে, তেমনই তাঁর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কোনো উদারনৈতিক নেতা উঠে আসছেন না। গণমাধ্যমে অতি বামপন্থী হিসেবে পরিচিত ৭৪ বছর বয়স্ক নেতা জঁ-ল্যুক মেলঁশোঁ সেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন।
অন্যদিকে বেলজিয়ামে সে দেশের ওয়ার্কার্স পার্টি বা পিটিবি-এর ব্যাপক রাজনৈতিক উত্থান লক্ষ করা যাচ্ছে। সব মিলিয়ে ইউরোপজুড়ে বৈষম্যবিরোধী দীর্ঘ সংগ্রামের হাত ধরেই মূলত এক নতুন ধারার বামপন্থার উত্থান ঘটছে।
সূত্র: আজকের পত্রিকা