
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
শ্রীকৃষ্ণ ও শ্রীরামের কর্মপদ্ধতির তুলনা টেনে এক মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তিনি সম্প্রতি এক বক্তব্যে বলেন যে, গরু চরানো কিংবা বাঁশি বাজানোর কাজ বেশ সহজ, তবে ধনুক পরিচালনা করা কিংবা বানর বাহিনীকে সুসংগঠিত করা কোনো সাধারণ বিষয় নয়।
তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষ ও কৃষ্ণভক্তদের পাশাপাশি হিন্দু ধর্মের বিভিন্ন মহলে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়। বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিনিধিরা এই বক্তব্যকে ভগবান কৃষ্ণের প্রতি সরাসরি অবমাননা হিসেবে চিহ্নিত করেন। এর জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠতে শুরু করে।
বিভিন্ন সমালোচকের মতে, একজন দায়িত্বশীল ধর্মীয় প্রবক্তার মুখে হিন্দুধর্মের দুই পূজনীয় অবতারের মাঝে এ ধরনের বিভেদ সৃষ্টিকারী এবং অসম্মানজনক তুলনা কোনোভাবেই মানানসই নয়।
চারদিকে সমালোচনা তীব্র আকার ধারণ করায় শেষ পর্যন্ত একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের বক্তব্যের সাফাই গেয়েছেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী।
তিনি দাবি করেন যে, ভক্তিমূলক আবেগের বশে তিনি ওই কথাগুলো উচ্চারণ করেছিলেন এবং তাঁর বক্তব্যের ভুল অর্থ দাঁড় করানো হচ্ছে। তিনি আরও পরিষ্কার করেন যে, তিনি নিজে শ্রীকৃষ্ণের কোনো বিরোধিতা করছেন না, এমনকি তাঁর নিজের নামের ভেতরেই কৃষ্ণের নাম জড়িয়ে রয়েছে।
সূত্র: আজকের পত্রিকা