
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
আসছে ১ নভেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত দীর্ঘ সাড়ে চার মাসের জন্য প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত ও রাত্রিবাসের অনুমতি প্রদান করেছে সরকার।
দ্বীপটিতে ভ্রমণের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে ট্রাভেল পাস এবং বিশেষ কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন এই নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক এই দারুচিনি দ্বীপে ভ্রমণ করার সুযোগ পাবেন।
দ্বীপের স্পর্শকাতর পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে গত বছরের প্রজ্ঞাপনে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা এবারও বহাল রাখা হয়েছে।
নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে রাতে সমুদ্রসৈকত ও তার আশেপাশের এলাকায় কোনো ধরনের আলো জ্বালানো, উচ্চশব্দে গান-বাজনা সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন করা।
পরিবেশ সুরক্ষায় কোনো পর্যটক বা ব্যক্তি দ্বীপের কেয়াবনে প্রবেশ করতে পারবেন না এবং কেয়াফল সংগ্রহ, ক্রয় বা বিক্রয়ের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
পাশাপাশি সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের সামগ্রিক জীববৈচিত্র্যের ক্ষতিসাধন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
দ্বীপের শান্ত পরিবেশ বজায় রাখতে সমুদ্রসৈকতে মোটরসাইকেল এবং সি-বাইকের মতো কোনো ধরনের মোটরযান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা