
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং একটি সুস্থ সমাজ বিনির্মাণের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে সামাজিক সংগঠন ত্রিশাল হেল্পলাইন। সংগঠনের পক্ষ থেকে পুরো নভেম্বর মাসটিকে মাদকবিরোধী সচেতনতার মাস হিসেবে পালন করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
এই উপলক্ষে ত্রিশাল হেল্পলাইনের উদ্যোগে আয়োজিত গুরুত্বপূর্ণ এক সমাবেশে সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা ও বক্তব্য দেন ত্রিশাল হেল্পলাইনের সভাপতি মো. খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম জামান আশিক।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, কার্যনির্বাহী ও প্রতিষ্ঠাতা সদস্য মো. আবুল মুনসুর এবং সাবেক সভাপতি আহাম্মদ আলী মানিক। এ ছাড়া রক্তদানে ত্রিশালের (অগ্রণী) সভাপতি মো. আবু রায়হান এবং গণমাধ্যমকর্মী মোচি এ টি এম মনিরুজ্জামানও এই আয়োজনে অংশ নেন।
বক্তব্যে আলোচকেরা গভীর উদ্বেগ প্রকাশ করে জানান যে, মাদকদ্রব্য বর্তমানে দেশের যুবসমাজকে ক্রমান্বয়ে ধ্বংসের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই ভয়ংকর পরিস্থিতি মোকাবিলায় তারা সমাজকে মাদকমুক্ত করার ওপর বিশেষ জোর দেন।
মাদক নির্মূলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, পরিবার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
এ সময় তাঁরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরে বলেন, মাদক কারবার পুরোপুরি বন্ধ করতে হবে এবং এর বিস্তার রোধে কঠোর ও কার্যকর সব পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি উঠতি বয়সী তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি বলে তাঁরা মন্তব্য করেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে পুরো নভেম্বর মাসজুড়েই বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। উপজেলার বিভিন্ন মসজিদ এবং ধর্মীয় মাহফিলে নিয়মিত মাদকবিরোধী আলোচনা অনুষ্ঠানের বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে।
এই সমস্ত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য সংগঠনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকেরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করবেন বলে নিশ্চিত করেছেন আয়োজকেরা।
একটি মাদকমুক্ত ত্রিশাল এলাকা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আয়োজকেরা আরও জানান যে, সামাজিক সচেতনতা বহুগুণ বাড়িয়ে এবং তরুণ সমাজকে ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করে তাদের এই ধারাবাহিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: আজকের পত্রিকা