
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
পটুয়াখালীর কলাপাড়ায় বাবার কাছ থেকে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে খাইরুল নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, মাদকাসক্ত খাইরুল তার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য প্রায়ই পরিবারের লোকজনকে নানাভাবে চাপ দিতেন এবং তাদের গালাগালি করতেন।
ঘটনার দিন গত শনিবার সন্ধ্যায় খাইরুল তার বাবার কাছে মাদক কেনার উদ্দেশ্যে টাকা দাবি করেন। কিন্তু তার বাবা তাকে টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে তিনি চরমভাবে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং রাতে কোনো খাবার না খেয়েই ঘুমাতে চলে যান।
পরে রাতের কোনো একসময়ে তিনি ঘরের ভেতরে নানা আসবাবপত্র ভাঙচুর করেন। পরদিন রোববার বিকেলে পরিবারের সব সদস্য যখন নিজেদের কাজে বাইরে চলে যান, তখন এই সুযোগে খাইরুল ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন।
কাজের শেষে বাড়িতে ফিরে পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ দেখতে পান। তারা বাইরে থেকে বারবার ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো ধরনের সাড়াশব্দ পাওয়া যায়নি।
কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তারা ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে ঢোকার পর তারা খাইরুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
সূত্র: আজকের পত্রিকা