
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
ফ্রান্সজুড়ে মাদক বাণিজ্যের পরিধি উদ্বেগজনকহারে বৃদ্ধি পাচ্ছে। দেশটির মাদকবিরোধী ইউনিটের প্রধান দিমিত্রি জুলাসের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে কোকেন সেবনকারীর সংখ্যা ২০১৭ সালের ছয় লাখ থেকে নাটকীয়ভাবে বেড়ে বর্তমানে প্রায় ২০ লাখে পৌঁছানোর পথে রয়েছে।
অবৈধ এই মাদক পাচার চক্রগুলোর বার্ষিক আয় প্রায় ৭০০ কোটি ইউরো। এই বিপুল পরিমাণ অবৈধ ব্যবসার সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে যুক্ত রয়েছে প্রায় দুই লাখ মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কেবল ২০২৫ সালেই মাদক পাচারের কার্যক্রমে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ে ১০ হাজারের বেশি শিশু।
মাদক সিন্ডিকেটের ভেতরের নিয়োগপ্রক্রিয়া কেমন হয়, সে বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এই ব্যবসার সঙ্গে একসময় যুক্ত থাকা ২০ বছর বয়সী সাবেক সদস্য ক্যামিল। তিনি জানান, তরুণদের মানসিক প্রবণতা গভীরভাবে পর্যবেক্ষণ করে চক্রগুলো তাদের বিভিন্ন চাহিদা পূরণের লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে থাকে।
কিশোর ও তরুণদের আকৃষ্ট করতে দামি গাড়ি, বিলাসলহুল অ্যাপার্টমেন্ট, পর্যাপ্ত মাদক এবং যৌনসঙ্গীর মতো নানা প্রলোভন দেখানো হয়। একবার কেউ এই সিন্ডিকেটের প্রতি আনুগত্য প্রকাশ করলে সেখান থেকে বেরিয়ে আসা অত্যন্ত দুরূহ হয়ে পড়ে এবং তাদের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলোকে কাজে লাগিয়ে সদস্যদের পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়।
ভয়ংকর সব হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে বর্তমানে কারাগারে বন্দি রয়েছে কুখ্যাত 'ডিজেড মাফিয়া' চক্রের সদস্য আদম (ছদ্মনাম)। তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, নিজের চরম নির্মমতা ও নির্দয় আচরণের সুবাদেই তিনি ধীরে ধীরে এই অপরাধ চক্রের ওপরের সারিতে উঠে আসতে সক্ষম হন।
তাঁর বিরুদ্ধে একাধিক ঠান্ডা মাথার হত্যাকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। নিজের অপরাধের বর্ণনা দিয়ে তিনি উল্লেখ করেন, এসব খুনের ঘটনা কখনো ঘটেছে একদম প্রকাশ্য দিবালোকে, আবার কখনো সংঘটিত হয়েছে ব্যস্ত রাস্তার যানজটের মধ্যে। সংঘটিত এসব অপরাধের জন্য মনে আংশিক অপরাধবোধ কাজ করলেও নিজের কাজের জন্য কোনো ধরনের অনুশোচনা নেই বলেই সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
সূত্র: আজকের পত্রিকা