
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্কে বয়সভেদে ব্রিটিশ নাগরিকদের দৃষ্টিভঙ্গিতে লক্ষণীয় ফারাক দেখা গেছে। বয়স্ক প্রজন্মের নাগরিকদের তুলনায় তরুণ প্রজন্মের ব্রিটিশরা এই দেশ দুটিকে বিশ্ব শান্তির জন্য অধিক মাত্রায় বিপজ্জনক হিসেবে বিবেচনা করছেন। জরিপের মাধ্যমে উঠে আসা এই তথ্যটিকে দীর্ঘদিনের গণতান্ত্রিক পশ্চিমা মিত্রদের প্রতি ব্রিটেনের নতুন প্রজন্মের মনোভাবের পরিবর্তনের একটি তাৎপর্যপূর্ণ লক্ষণ বলে মনে করা হচ্ছে।
ন্যাটসেনের মতে, জনমত জরিপের এই ফল দেশের সরকারের জন্য বড় ধরনের যোগাযোগের চ্যালেঞ্জ সামনে এনেছে। জাতীয় স্বার্থ সংরক্ষণে সরকারি নীতি প্রণয়নের ক্ষেত্রে বৈধতা অর্জনে জনগণের সমর্থনের ভূমিকা অত্যন্ত অপরিসীম।
সংস্থাটির বিশ্নেষণ অনুযায়ী, রাশিয়ার মতো যেসব হুমকি অত্যন্ত তাৎক্ষণিক, দৃশ্যমান এবং সাধারণ মানুষের কাছে সহজে বোধগম্য, সেগুলোর ক্ষেত্রে জনগণের মতামতে সর্বোচ্চ ঐক্য দেখা যায়।
তবে চীনের মতো যেসকল নিরাপত্তা চ্যালেঞ্জ তুলনামূলক ধীরগতিতে বিকাশ লাভ করে, প্রযুক্তিগত দিক থেকে জটিল এবং কৌশলগতভাবে পরোক্ষ প্রকৃতির, সেগুলোর ক্ষেত্রে বয়স ও রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে মানুষের দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা প্রকাশ পায়।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো পুরোনো মিত্ররাষ্ট্রগুলো যখন অপেক্ষাকৃত বেশি ঝুঁকিপূর্ণ বৈদেশিক নীতি গ্রহণ করে, তখন সার্বিক জনমতের এই চিত্রটি আরও বেশি জটিল রূপ ধারণ করে বলে জানিয়েছে সংস্থাটি।
সূত্র: আজকের পত্রিকা