
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ রয়েছে বলে গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রেস ব্রিফিং করেছিল। দুদক এই ব্রিফিংয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি করেছিল।
দুদকের এই সংবাদ সম্মেলনের আইনি বৈধতা ও কতৃত্ব চ্যালেঞ্জ করেই মূলত উচ্চ আদালতে রিট আবেদনটি করা হয়। ফৌজদারি বিচারব্যবস্থার প্রতিষ্ঠিত ও স্বীকৃত নীতিমালা লঙ্ঘন করে কোনো অনুসন্ধান, তদন্ত বা বিচারাধীন বিষয় নিয়ে প্রেস ব্রিফিং আয়োজন করা থেকে বিরত থাকার জন্য রিটে নির্দেশনা প্রার্থনা করা হয়।
রিটের প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করলে, সেই রুল বিচারাধীন থাকা অবস্থায় দেশের যেকোনো সাধারণ নাগরিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বা অন্য কোনো মাধ্যমে প্রোপাগান্ডা এবং মিডিয়া ট্রায়াল চালানো থেকে বিরত থাকতে আদেশের অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া, সংবাদ সম্মেলন করার মাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে মানহানি বা সুনাম ক্ষুণ্ন করা হয়েছে, তার প্রতিকারও চাওয়া হয়েছে। একই কায়দায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দুদককে তাদের ভুল স্বীকার করতে হবে এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে—এমন নির্দেশনা দেওয়ার জন্যও রিটে আবেদন করা হয়েছে।