
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ, অর্থাৎ ৮০ শতাংশেরও বেশি অর্জিত হয় তৈরি পোশাক খাত থেকে। এই বিশাল শিল্পখাতে সরাসরি কর্মসংস্থান হয়েছে ৪০ লাখেরও অধিক শ্রমিকের।
তবে পোশাক খাতের এই সার্বিক সাফল্যের ঠিক উল্টো চিত্র দেখা যায় নেপথ্যের কারিগর এই শ্রমিকদের ব্যক্তিগত জীবনে। অপ্রতুল পারিশ্রমিক এবং লাগামহীন জীবনযাত্রার ব্যয়েরাঁতাকলে পিষ্ট হয়ে তাঁদের দৈনন্দিন খাদ্যতালিকা, চিকিৎসাব্যবস্থা ও পরিবারের অন্যান্য জরুরি ব্যয় সংকোচন করতে হচ্ছে।
অন্যদিকে, সম্পূর্ণ ভিন্ন অবস্থান তুলে ধরেছে কারখানা মালিকপক্ষ। তাদের বক্তব্য অনুযায়ী, যদি এক ধাক্কায় মজুরি অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দেওয়া হয়, তবে আন্তর্জাতিক বাজারে ভিয়েতনাম কিংবা ভারতের মতো প্রতিযোগীদের তুলনায় বাংলাদেশের উৎপাদন খরচের প্রতিযোগিতামূলক সুবিধা হুমকির মুখে পড়বে।
এছাড়াও, কলকারখানায় জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে এমনিতেই ব্যবসায়িক মুনাফা হ্রাসের চাপ রয়েছে। এই বাস্তবতায় মজুরির বড় ধরনের উল্লম্ফন এই শিল্পকে আরও গভীর সংকটের মুখে ঠেলে দেবে বলে তারা আশঙ্কা প্রকাশ করে।
মালিকদের পক্ষ থেকে আরও যুক্তি দেখানো হয়েছে যে, কর্মীরা নির্ধারিত মূল বেতনের পাশাপাশি প্রতিবছর নিয়মিতভাবে ৯ শতাংশ হারে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি এবং দুটি উৎসব বোনাস পেয়ে থাকেন। এই আর্থিক কাঠামোর কারণে নতুন করে উল্লেখযোগ্য পরিমাণে মজুরি বাড়ানোর সুযোগ অত্যন্ত সীমিত।