
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট জেমিনাইয়ে নতুন একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এই ফিচারের নাম দেওয়া হয়েছে ‘মেমোরি সামারি’। এর মাধ্যমে চ্যাটবটটি আগের বিভিন্ন চ্যাটের ভিত্তিতে ব্যবহারকারীর পছন্দ ও প্রয়োজনীয় তথ্য মনে রাখতে পারবে।
সময়ের সঙ্গে মানুষের ব্যক্তিগত তথ্য বা পছন্দ পরিবর্তন হওয়া স্বাভাবিক। এমনকি জেমিনাইয়ের সংরক্ষিত তথ্যে কোনো ভুলও থাকতে পারে। এই ধরনের সমস্যাগুলো দূর করতেই নতুন এই সুবিধাটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রযুক্তিসংশ্লিষ্ট সাইট নাইনটুফাইভগুগলের একটি প্রতিবেদন অনুযায়ী, জেমিনাইয়ের এই মেমোরি অংশে ব্যবহারকারীর পেশা, সম্পর্ক, পরিচয় এবং আগ্রহের বিষয়গুলো আলাদাভাবে বিন্যস্ত থাকবে। এর ফলে পুরোনো কোনো কথোপকথন খুঁজে বের করার ঝামেলা ছাড়াই চ্যাটবটটি কী কী তথ্য জমা রেখেছে, তা একনজরে দেখে নেওয়া সম্ভব হবে।
ব্যবহারকারীরা কেবল নিজেদের সংরক্ষিত তথ্য দেখতেই পারবেন না, বরং কোনো ভুল তথ্য থাকলে তা ঠিক করতে পারবেন কিংবা অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলতে পারবেন। উদাহরণস্বরূপ, কর্মক্ষেত্র বদল হলে পুরোনো অফিসের তথ্য বাদ দিয়ে নতুন তথ্য যুক্ত করা যাবে। এছাড়া পছন্দের ধরন বদলালে সেই তথ্যও নতুন করে যোগ করা সম্ভব হবে।
মেমোরি অপশনে ঠিক কখন কোন ডেটা যুক্ত বা এডিট করা হয়েছে, তার একটি পূর্ণাঙ্গ ইতিহাসও দেখা যাবে। জেমিনাইয়ের ওয়েবসাইটে গিয়ে ‘সেটিংস’ থেকে ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ হয়ে ‘মেমোরি সামারি’ অপশনে গেলে এই সংরক্ষিত সব তথ্য একসঙ্গে ভেসে উঠবে।
এ ছাড়া চ্যাটবটটিকে সরাসরি ‘হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি?’ প্রশ্ন করেও এই তথ্যগুলো জেনে নেওয়া যায়। সাধারণ ভাষায় নির্দেশনা দিয়েই মেমোরিতে নতুন তথ্য যোগ বা পুরোনো তথ্য পরিবর্তন করা সম্ভব।
যদি কোনো নির্দেশনা বুঝতে সমস্যা হয়, তবে জেমিনাই স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর কাছে আরও তথ্য চাইবে। ইন্টারফেসে থাকা পেনসিল আইকনে চেপে তথ্য এডিট করা যাবে এবং তিনটি ডটের মেনু থেকে দেখা যাবে ‘মেমোরি হিস্ট্রি’।
আপাতত এই মেমোরি সামারি সুবিধাটি শুধু যুক্তরাষ্ট্রের গুগল এআই প্ল্যান ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। তবে এটি ব্যবহারের জন্য ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকা এবং অ্যাকাউন্টের ‘কিপ অ্যাক্টিভিটি’ ও ‘মেমোরি’ সেটিংস সক্রিয় থাকতে হবে।