
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যরা বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে অফিস করবেন। নতুন সরকারকে স্বাগত জানাতে সচিবালয় ইতোমধ্যেই পুরোপুরি প্রস্তুত।
সকালে সচিবালয়ে কর্মচঞ্চল পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন দফতর ও বিভাগে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আগমনে কর্মকর্তা ও কর্মচারীরা শুভেচ্ছা বিনিময়, অভিনন্দন জানানো এবং মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছেন। একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে দায়িত্ব পালনের প্রস্তুতি লক্ষ্য করা গেছে।
সকালে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এরপর দুপুরের দিকে সচিবালয়ে আসবেন তারা। বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত থাকবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা এবং মন্ত্রিপরিষদ সচিবসহ অন্যান্য সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সেশনও হবে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রিপরিষদ ভবন ও সংশ্লিষ্ট বিভাগ নতুন সাজে সজ্জিত করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে। সকাল থেকেই পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি ও প্রহরায় নিয়োজিত রয়েছেন।