
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
পঁচাত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। পুয়ের্তো রিকো থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার নানা অনুভূতি, প্রস্তুতি ও কর্মব্যস্ততার কথা জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক মনজুরুল আলম।
সামিরা খান মাহি জানান, দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটি তাঁর জীবনের অত্যন্ত সুন্দর ও স্মরণীয় এক ঘটনা। মিস ইউনিভার্সের মতো বৈশ্বিক মঞ্চে বিশ্বের নানা প্রান্তের প্রতিযোগীদের সঙ্গে মেশার সুযোগ হয়েছে তাঁর। সবার আলাদা সংস্কৃতি, ব্যক্তিত্ব ও জীবনযাত্রা দেখে প্রতিনিয়ত অনেক কিছু শেখার পাশাপাশি সবার সঙ্গে দারুণ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।
প্রতিযোগিতার প্রস্তুতির বিষয়ে মাহি জানান, প্রতিদিন তাঁদের নিয়মিত প্রস্তুতি চলছে। কেবল শারীরিক নয়, মানসিক দিক থেকেও তাঁকে প্রস্তুত রাখতে হচ্ছে। প্রতিদিনের রিহার্সাল, স্টেজ প্র্যাকটিস, ইন্টারভিউ, নানা ইভেন্ট এবং স্পনসরদের কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি নিজের আত্মবিশ্বাস ও হাঁটাচলার ধরন উন্নত করার চেষ্টা করছেন তিনি।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সুন্দরভাবে তুলে ধরার ওপরও তিনি বিশেষ জোর দিচ্ছেন। বাংলাদেশের নাম শুনে অন্য প্রতিযোগীরা বেশ কৌতূহল প্রকাশ করছেন এবং এ দেশের কৃষ্টি, খাবার, পোশাক ও ভাষা সম্পর্কে জানতে চাইছেন। জবাবে দেশের সমৃদ্ধ ঐতিহ্য ও আতিথেয়তার গল্প তিনি সবার সঙ্গে ভাগ করে নিচ্ছেন বলে জানান।
সামিরা খান মাহির প্রতিদিনের রুটিন অত্যন্ত কড়া ও ব্যস্ততায় ভরা। তাঁকে প্রতিদিন ভোর চারটায় ঘুম থেকে উঠতে হয়। এরপর মেকআপ ও সাজগোজে প্রায় দেড় ঘণ্টা সময় ব্যয় করে ভোর সাড়ে পাঁচটার মধ্যে নিচে নেমে সকালের নাশতা সারতে হয়।
সকাল সাড়ে ছয়টার মধ্যে বাসে উঠে শুরু হয় দিনের কর্মসূচি। সারা দিন ধরে বিভিন্ন স্থান পরিভর্শন, নানা ধরনের কর্মকাণ্ড, মহড়া ও ফটোশুটের মতো অনুষ্ঠানে ব্যস্ত থাকতে হয় তাঁকে। এমনকি রাতের বেলাতেও নৈশভোজের পাশাপাশি আরও দুই-তিনটি নির্ধারিত কার্যক্রমে অংশ নিতে হয় তাঁকে।
সব কাজ শেষ করে প্রতিযোগীদের হোটেলে ফিরতে ফিরতে রাত বারোটা বেজে যায়। এরপর পরের দিনের পোশাক ও অন্যান্য জরুরি জিনিসপত্র গুছিয়ে এবং গোসল সেরে বিছানায় যেতে যেতে রাত একটা থেকে দেড়টা বেজে যায়।
এত দীর্ঘ ও ক্লান্তিকর ব্যস্ততার পর প্রতিদিন রাতে ঘুমানোর জন্য মাত্র দুই থেকে তিন ঘণ্টা সময় পান মাহি। এত অল্প ঘুমের পরও জীবনমুখী এই অনন্য অভিজ্ঞতাকে জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করে দেশের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।