
পঞ্চগড়ের বোদা উপজেলা: পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে মানুষের মধ্যে যে খারাপ ধারণা আছে, তা দূর করতে সরকার খাল, নদী ও জলাশয় খননের কার্যক্রম জোরদার করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রণালয়ের উদ্যোগ বাস্তবায়নে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বোদা পৌরসভার দুলাল তলী বাধ এলাকায় খালের পূর্ণ খননের কার্যক্রম পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, বর্ষাকালে নদী, খাল বা জলাশয় খনন করা হবে না। কাজ সম্পন্ন হবে ফেব্রুয়ারি থেকে এপ্রিল বা মে মাসের মধ্যে। এর মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের কার্যকারিতা পুনঃপ্রতিষ্ঠা করা হবে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের কর্মসূচি শুরু করেছিলেন, কিন্তু আজ সেই খাল ভরাট হয়ে গেছে। বর্তমান সরকারের লক্ষ্যমাত্রা বিশ হাজার কিলোমিটার খাল ও নদী খনন করা।
পরিদর্শনে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক, বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মী।