
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে সাধারণ মানুষের আনাগোনা বাড়তে দেখা গেছে। রিকশা এবং ভ্যানসহ নানা ধরনের যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। শহরের বড় একটি অংশের দোকানপাট এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে। নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু থাকায় শিক্ষার্থীরাও তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে যাতায়াত করছে। সার্বিক এই পরিস্থিতির কারণে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় ফের কর্মচাঞ্চল্যের পরিবেশ ফিরে আসতে শুরু করেছে।
তবে এই স্বাভাবিক পরিবেশের মধ্যেও অপ্রয়োজনে সাধারণ মানুষকে ঘরের বাইরে আসতে দেখা যাচ্ছে না। জনসাধারণের চলাফেরা ও উপস্থিতিতে এখনও একধরনের বাড়তি সতর্কতা বজায় রয়েছে।
অন্যিদকে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড কার্যকরভাবে প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন সড়কে বিজিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল চালিয়ে যাচ্ছেন। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ সব স্থাপনার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।