
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
সংসদ ভবনে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিদ্যুৎ চাহিদা এবং কারিগরি সক্ষমতা মূল্যায়ন করে সঠিক উৎপাদন ক্ষমতা নির্ধারণের পাশাপাশি দরপত্র আহ্বান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ মেনে চলার সিদ্ধান্ত হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাতীয় সংসদ সচিবালয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ কারিগরি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত কারিগরি কমিটির সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনা পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে একটি উপকমিটি গঠন করা হয়। এই উপকমিটির সদস্যরা হলেন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম এবং মো. সাইফুল আলম।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ডিপিডিসি কর্তৃক প্রস্তুতকৃত কারিগরি স্পেসিফিকেশন আগামী ২৪ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে জাতীয় সংসদ সচিবের নিকট জমা দিতে হবে।
ডিপিডিসির স্পেসিফিকেশন পাওয়ার পর পরবর্তী সভা অনুষ্ঠিত হওয়ার আগেই দরপত্র আহ্বানের প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করতে জাতীয় সংসদ সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সব প্রস্তুতি সম্পন্ন করে ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন পঞ্চম অধিবেশন শুরু হওয়ার আগেই সংসদ ভবনে এই সৌরবিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি চালু করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ছাড়াও ডিপিডিসি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।