প্রিন্ট এর তারিখঃ Mar 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 12, 2026 ইং
ক্রেতা সাজেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সদস্যরা, বাড়ির দোতলায় বসে রশি দিয়ে ইয়াবা দিতেই ধরা

বরিশালের বাবুগঞ্জে ৬২৬ পিস ইয়াবা ও ৬ লাখ ৫৯ হাজার টাকাসহ এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গ্রেফতার মো. এনামুল (৪৫) ক্ষুদ্রকাঠী গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং রহমতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মো. এনামুল দীর্ঘদিন ধরে নিজ বাড়ির দোতলায় বসে রশির মাধ্যমে ইয়াবা বিক্রি করতেন। প্রতিদিনই তার বাড়িতে বহিরাগত অনেক মানুষ ইয়াবা কিনতে আসতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বাড়ির লোকজন একাধিকবার প্রতিবাদ করলেও তিনি মাদক ব্যবসা বন্ধ করেননি।অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল জেলা কার্যালয়ের সদস্যরা ছদ্মবেশে ওই বাড়িতে ইয়াবা কিনতে যান। এ সময় এনামুল দোতলায় বসে রশির মাধ্যমে তাদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৬২৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা এনামুলের ঘরের দোতলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করি এবং তাকে গ্রেফতার করি।এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর