
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য নির্ধারিত খাবার বলপূর্বক ছিনিয়ে নেওয়ার একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। পরবর্তীতে সেই খাবারই নিজেদের মানবিক কার্যক্রম হিসেবে প্রচার করা হয় বলে জানিয়েছে বাহিনীটি।
বাহিনীর ভাষ্যমতে, খাদ্য সরবরাহকাজে নিয়োজিত কর্মীদের জিম্মি করে এই অপতৎপরতা চালানো হয়। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ধারণকৃত ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ঘটনাটিকে একটি রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা করা হয়েছে।
প্রকৃত প্রেক্ষাপট আড়াল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে উল্লেখ করা হয়। দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তার বিধান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় এই বাহিনী অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে চলেছে।
কঠিন ও প্রতিকূল পরিস্থিতিতে মাঠে দায়িত্বরত সদস্যদের জন্য বরাদ্দকৃত খাবার সরবরাহের মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়কে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। বাহিনীর সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার এমন অপপ্রয়াস কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে স্পষ্ট জানিয়েছে কতৃপক্ষ।
এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা জানানো হয়েছে বাহিনীর পক্ষ থেকে। একই সঙ্গে, সংশ্লিষ্ট সকল মহলের প্রতি কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রকৃত সত্য ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনায় নিয়ে সকল গণমাধ্যম ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জোরালো অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।