
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
খেলা চলাকালীন সোফায় বসে থাকার অদ্ভুত এক নির্দেশনা রয়েছে। আমি উঠলেই নাকি গোল হজম করতে হবে। তখন ৪০ মিনিট ধরে পেশাব আটকে রেখে আকুতি জানাই, আর পারছি না। বাবা বলেন, আর মাত্র পাঁচ মিনিট অপেক্ষা করতে। আমার বাথরুমে যাওয়া আর বাংলাদেশের গোল পাওয়া যেন একই সূত্রে বাঁধা। আমার নড়াচড়াতেই যেন দেশের সর্বনাশ ঘটে। অথচ আমার শরীরে তখন এক চরম আন্তর্জাতিক সংকট চলছে। এই সংকটের নিষ্পত্তিতে কোনো ভিএআর নেই, কোনো রেফারিও নেই। ভরসা কেবল বাথরুমের দরজা।
বাবার নিষেধ অমান্য করে একসময় দৌড়ে বাথরুমে ঢুকে পড়ি। বহু বছর আগের ২০১২ সালের এশিয়া কাপে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের কথা মনে পড়ে যায়। সেদিন কী মারটাই না খেয়েছিলাম। যদিও তখন আমি বয়সে ছোট ছিলাম। বাবার নিখাদ বিশ্বাস, আমি যদি ইনিংসের শেষ ওভারের আগের মুহূর্তে বাথরুমে না যেতাম, তবে সেদিন নিশ্চিতভাবেই বাংলাদেশ জয় ছিনিয়ে আনত।
সেই থেকে দেশের ক্রিকেট ইতিহাসে আমার এক অলিখিত ও অদ্ভুত ভূমিকা তৈরি হয়েছে। মাঠে খেলি না, ব্যাট ধরি না, বলও ছোঁড়ি না। তবুও দেশের প্রতিটি পরাজয়ের সম্পূর্ণ দায় বর্তায় আমারই কাঁধে।
২০১১ সালের কথা, ইংল্যান্ডের দেওয়া ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ১৬৯ রানেই ৮ উইকেট হারিয়ে বসে। প্রবল মানসিক চাপ সত্ত্বেও একধরনের বুকফাটা মন খারাপ নিয়ে আমি চুপচাপ বসে থাকি। এরপর শফিউল ও মাহমুদউল্লাহ মিলে উইকেটে যে অভাবনীয় ঝলক দেখান, তা চট্টগ্রামবাসী দীর্ঘদিন মনে রাখবে। কারণ, সেদিন আমার মা পর্যন্ত রাতের বেলা বোরকা পরে সোজা রাস্তায় নেমে পড়েছিলেন।
মূল সড়কে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে খেলোয়াড়দের বহনকারী গাড়িকে শুভেচ্ছা জানান তারা। খেলোয়াড়রাও গাড়িতে বসে হাত নেড়ে রাস্তার পাশে জড়ো হওয়া দর্শকদের আনন্দের অংশীদার হন। সেদিন জিইসি মোড় থেকে আগ্রাবাদ এলাকা পর্যন্ত এত মানুষের ভিড় জমেছিল যে, খেলোয়াড়দের গাড়ি রুট বদলে হোটেল পেনিসুলার দিকে নিয়ে যেতে হয়েছিল। বাবার দৃঢ় ধারণা, আমি সেদিন আসন ছেড়ে কোথাও যাইনি বলেই বাংলাদেশ ম্যাচটি জিতেছিল।
সেদিন বাংলাদেশের বিজয়ে পুরো বন্দরনগরী রাস্তায় নেমে উল্লাস করেছিল। তবে খোদ বাবার কাছে আমার অবদানটা একটু বেশিই মনে হয়েছিল। তার বদ্ধমূল ধারণা, আমি সিটে বসে ছিলাম বলেই দল জিতেছে। অথচ আমার নিজের কোনো কৃতিত্ব ছিল না। আমি কেবল প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাথরুমে যাইনি।
বাংলাদেশি অনেক ফুটবলার বর্তমানে বিশ্বের নানা প্রান্তে পেশাদার ফুটবল খেলছেন। বাফুফে নাকি সেই খেলোয়াড়দের দেশে ফিরিয়ে ফুটবলের পুরোনো উন্মাদনা ও ক্রেজ আবার ফিরিয়ে আনতে চায়। সেটি এখন বেশ ভালোভাবেই হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে।
পাকিস্তানের বিপক্ষে গ্যালারির দর্শকদের সেই বাঁধভাঙা উন্মাদনা আমাকে ঠিক সেই পুরনো দিনের কথাই মনে করিয়ে দিল।
বাথরুমের ভেতরে বসেই বাইরে থেকে ভেসে আসা গোলের শোরগোল শুনতে পেলাম। অথচ বাইরে বাবার মুখ থেকে কোনো টু শব্দও বের হচ্ছে না। এর মানে পরিষ্কার, আজ আমার কপালে বড় শনি আছে। বাংলাদেশ ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল খেয়ে বসেছে। গোলকিপার এ কেমন যাচ্ছেতাই থ্রো করল! আমিও তো বাবার সাথে গলা মিলিয়ে আনন্দ করতে চেয়েছিলাম। কত দিন পর ফুটবলের এমন দুর্দান্ত ক্রেজ ফিরে এসেছিল।
ভাগ্য ভালো যে মোবাইল ফোনটি সাথে করে নিয়ে গিয়েছিলাম। ছোট বোনকে তাৎক্ষণিক মেসেজ পাঠিয়ে বলে রাখলাম, ঘরের দরজা ও মূল গেট যেন একদম খোলা রাখা হয়।
আমার গায়ে তখন লুঙ্গির ভেতর কেবল একটি শর্টস আর সাদা রঙের স্যান্ডো গেঞ্জি পরা ছিল।
বন্ধুর বাসার সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে দেখি, সে আগেই সেখানে বাইরে দাঁড়িয়ে রয়েছে।
ভালো করে খেয়াল করে দেখি, আমার গায়ে কোনো লুঙ্গি নেই! কেবল শর্টস আর স্যান্ডো গেঞ্জি অবশিষ্ট আছে।
তখন বুঝতে পারলাম, বাবার অন্ধ ভয়ে ঘর ছেড়ে পালাতে গিয়ে আমি আমার পোশাকের সব স্বাধীনতা জলাঞ্জলি দিয়ে এসেছি।
বাংলাদেশি ফুটবল শেষ পর্যন্ত তার কাঙ্ক্ষিত স্বাধীনতা পেল কি না জানি না, তবে আমার পরিধেয় লুঙ্গিটি নিশ্চিতভাবেই চিরতরে স্বাধীন হয়ে গেছে।
পরদিন সকালেই বাসায় ফিরে দেখি বাবা ঘরে নেই, বাজার করতে গেছেন। ছোট বোন বলল, ভাগ্যিস কাল রাতে তুই পালিয়ে বেঁচেছিলিস। নতুবা তোর আজ খবরই ছিল।
দুপুরের দিকে ভাত খাওয়ার সময় দেখি বাবা নির্বিকার চিত্তে টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে আছেন। ভয়ে আমার মুখ দিয়ে একটি টু শব্দও বের করার সাহস হচ্ছিল না। অথচ আমি বয়সে কত বড় হয়ে গেছি, সংসার করি, চাকরি করি। কিন্তু খেলা দেখার সময় বাবার সেই পুরোনো দিনের আবেগ এতটুকুও বদলায়নি। বাংলাদেশের খেলা বলে কথা।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে সেদিন মফিজুল ইসলামের অভিষেক ঘটেছিল। বোলার কাগिसो রাবাদা বল করার জন্য যখন রানআপ নিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আমি মুখে এক লোকমা ভাত পুড়ে দিই। ভাতটা মনে হয় গলার ভেতর আটকে গেল। প্রচণ্ড কাশি শুরু হলো। জল খাব বলে উঠব, বাবা ধমকের সুরে বলে উঠলেন, একটু পরে খা।
ইতোমধ্যে মনে হচ্ছিল আমি বুঝি দম আটকে সত্যিই মারা যাচ্ছি। জল নাকি একটু পর খেতে হবে! কোনোমতে জল গিলে ফেললাম, কাশির বেগও কমল।
পাঁচ দিনের টেস্ট ম্যাচ, আর ইনিংস মাত্র দুটি। মফিজুল ইসলামের সেদিন আউট হওয়ার জন্য এত কিসের তাড়াহুড়ো ছিল? টেস্ট ক্রিকেটের প্রথম বলেই কেউ কি এমনভাবে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যায়? অবশ্য এজন্য দলের টিম ম্যানেজমেন্টকেও সমানভাবে দোষারোপ করা যায়। একজন একদম নতুন খেলোয়াড়কে কীভাবে আন্তর্জাতিক ম্যাচের মুখোমুখি প্রথম বলটিই খেলার নির্দেশ দেওয়া হয়!
সে তার উপযুক্ত প্রতিদানও হয়তো হাতেনাতে পেয়েছে। সম্ভবত টিম ম্যানেজমেন্টের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল, অন্য ব্যাটাররা কীভাবে আন্তর্জাতিক টেস্ট ম্যাচে ব্যাটিং করে, তা সে আরামসে গ্যালারিতে বসে বসে দেখবে! হয়তো সেই মহৎ উদ্দেশ্যেই সে ম্যাচের প্রথম বলেই উইকেট বিলিয়ে দিয়ে এসেছে।
সম্ভবত সে থেকে সে উপযুক্ত শিক্ষাও লাভ করেছে। লিটন দাস ও তাওহীদ হৃদয় যেভাবে ঠান্ডা মাথায় সেঞ্চুরি করে ইনিংস গড়েছেন, তা সে নিশ্চয়ই দেখেছে। পরের ইনিংসে এই শিক্ষা তার দারুণভাবে কাজে লাগবে।
বাবা অত্যন্ত শীতল ও তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি মনে মনে ঘর থেকে পালানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি।
এখন আর আমি সেই ছোট্ট খোকা নেই। সংসারী হয়েছি, চাকরি করছি। তবুও বাংলাদেশের যেকোনো খেলা চলাকালীন বাবার সামনে আমার ন্যূনতম কোনো নাগরিক অধিকার অবশিষ্ট থাকে না। এমনকি বাথরুমে যাওয়ার অতি সাধারণ স্বাধীনতাটুকুও আমার নেই।
মাঝেমধ্যে আমার তীব্রভাবে মনে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত আমার নামে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা। এতগুলো আন্তর্জাতিক ম্যাচে আমার বাথরুমে যাতায়াতের সাথে দেশের দলের হার-জিতের আদতে কোনো গভীর সম্পর্ক আছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা দরকার।
অবশ্য তার আগে সবার আগে বাবার কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নিতে হবে।