
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
চলচ্চিত্রাঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। দীর্ঘ দেড় বছরের বেশি সময় কেবল ঘোষণায় সীমাবদ্ধ থাকার পর অবশেষে আলোর মুখ দেখল তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশনের প্রথম নির্মাণ। প্রতিষ্ঠানটির ব্যানারে তৈরি হয়েছে ‘ঠিকানা’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
প্রযোজক হিসেবে বুবলীর এই অভিষেক কাজটি দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে। তাঁর নির্মিত প্রথম এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি স্থান করে নিয়েছে মর্যাদাপূর্ণ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
উল্লেখ্য, গত ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বিগ প্রোডাকশন নামের এই প্রযোজনা প্রতিষ্ঠান চালুর ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী। সে সময় গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন যে, এই ব্যানারে চলচ্চিত্র, নাটক, স্বল্পদৈর্ঘ্য ও মিউজিক ভিডিও নির্মিত হবে।
নিজের জন্মদিনেই প্রথম প্রোডাকশনের এই সুখবর ভক্ত ও শুভানুধ্যায়ীদের সঙ্গে ভাগ করে নেন বুবলী। বিশেষ এই জন্মদিনের দিনে তিনি তাঁর প্রতিষ্ঠানকে সামনের দিনগুলোতে এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এছাড়া ভবিষ্যতে দর্শকদের আরও উন্নত ও মানসম্মত কাজ উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এই অভিনেত্রী ও নতুন প্রযোজক।