
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সবজিবাহী ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই চালকসহ মোট তিনজন আহত হয়েছেন।
শনিবার (২ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর চলমান সিএনজি পাম্প এলাকার কাছে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম রবিউল হোসেন (৫০)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মির্জাপুর এলাকার মৃত নেহাল উদ্দিনের ছেলে।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ওই স্থানে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেঁয়াজ ও সবজিবাহী আরেকটি ট্রাক পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সবজিবাহী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং হেলপার ঘটনাস্থলেই মারা যান।
আহতদের মধ্যে দুই ট্রাকের চালক ও এক সবজি ব্যবসায়ী রয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুজ্জামান বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়কে অবৈধভাবে ট্রাক পার্কিংয়ের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।