
আটলান্টিক মহাসাগরে ভ্রমণরত একটি বিলাসবহুল প্রমোদতরীতে বিরল ‘হান্টাভাইরাস’ সংক্রমণে এক বয়স্ক দম্পতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগ।
আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা ডাচ পতাকাবাহী ‘এমভি হন্ডিয়াস’ জাহাজটিতে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। তিন সপ্তাহের সমুদ্রযাত্রায় জাহাজটি অ্যান্টার্কটিকা ও ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ঘুরে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ অভিমুখে যাচ্ছিল। বর্তমানে জাহাজটি কেপ ভার্দে-এর উপকূলে অবস্থান করছে। সংক্রমণ ঝুঁকির কারণে স্থানীয় কর্তৃপক্ষ কাউকে জাহাজ থেকে নামতে দিচ্ছে না।
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগ জানায়, প্রথম আক্রান্ত ছিলেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ, যিনি জাহাজেই মারা যান। পরে তার স্ত্রী নিজ দেশ নেদারল্যান্ডস-এ ফেরার পথে দক্ষিণ আফ্রিকা-এর একটি বিমানবন্দরে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান। এছাড়া এক ব্রিটিশ নাগরিক বর্তমানে জোহানেসবার্গ-এর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আক্রান্তদের মধ্যে অন্তত একজনের শরীরে ‘হান্টাভাইরাস’ শনাক্ত হয়েছে। জাহাজের আরও দুই ক্রু সদস্য অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। সাধারণত ইঁদুর বা ছুঁচো জাতীয় প্রাণীর মল-মূত্র থেকে ছড়ানো এই ভাইরাস মানুষের ফুসফুস ও কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে।
সংস্থাটি আরও জানায়, জাহাজে থাকা যাত্রী ও নাবিকদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ চলছে। একই সঙ্গে ল্যাব পরীক্ষার মাধ্যমে ভাইরাসের প্রকোপ নির্ণয় ও ‘কন্টাক্ট ট্রেসিং’ কার্যক্রম চালানো হচ্ছে।
প্রায় ১৫০ জন পর্যটক বহনকারী জাহাজটিকে ঘিরে আন্তর্জাতিক স্বাস্থ্য মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সূত্র: এপি