
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আতিক আহমেদ সৌরভকে আটক করেছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়ার নির্দেশনায় ডিবির একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকায়।
পুলিশের তথ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ভৈরব উপজেলায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও হামলার অভিযোগে পূর্বে দায়েরকৃত মামলায় আতিক আহমেদ সৌরভকে গ্রেপ্তার দেখানো হয়।
পাশাপাশি, অতি সম্প্রতি ভৈরব থানা এলাকার সংলগ্ন মহাসড়কে সংঘটিত ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে রুজু হওয়া নতুন একটি মামলায় তাঁকে দুই নম্বর আসামি করা হয়েছে।
অভিযান ও আটকের বিষয়ে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া গণমাধ্যমকে জানান, অভিযুক্ত আতিক আহমেদ সৌরভ রাজধানীতে পালিয়ে থাকলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়।
পরবর্তীতে কিশোরগঞ্জ থেকে যাওয়া ডিবি পুলিশের দলটির সুনির্দিষ্ট এই সফল অভিযানে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।