
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
আইন, বিধিমালা ও পাবলিক প্রকিউরমেন্ট রুলস বা পিপিআর পুরোপুরি মেনে সীমিত পরিসরে দরপত্র আহ্বান করা হয়েছিল। সেই প্রক্রিয়া শেষে মূল্যায়ন কমিটির সুনির্দিষ্ট সুপারিশের ভিত্তিতেই মন্ত্রণালয় থেকে নতুন এই অপারেটরকে অনুমোদন দেওয়া হয়। ইতিমধ্যে এভারেস্ট পোর্ট সার্ভিসেস আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বা সিসিটির দায়িত্বভার গ্রহণ করেছে বলে নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষ।
উল্লেখ্য যে, দীর্ঘ সময় ধরে টার্মিনালটি পরিচালনায় থাকা সাইফ পাওয়ারটেকের চুক্তির নির্দিষ্ট মেয়াদ গত ২ নভেম্বর শেষ হয়ে গিয়েছিল। এরপর বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিমের দেওয়া তথ্য অনুযায়ী, ওই প্রতিষ্ঠানটির কাজের সময়সীমা আরও তিন সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই বর্ধিত সময়সীমা সোমবার আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পরদিনই নতুন প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেসের কাছে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হলো।