
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
আমাদের দেশের রাজনীতিতে পেশি শক্তি ও দলীয় ক্ষমতার অপব্যবহার করে প্রতিদ্বন্দ্বীকে কোণঠাসা করার পুরনো ব্যাধি বহাল রয়েছে। বর্তমানে অসুস্থ অবস্থায় ঢাকায় বসবাস করছেন ৯২ বছর বয়সি মঈদুল হাসান। এই পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতিপক্ষ তাঁর জমি জবরদখল করতে চাইছে বলে অভিযোগ উঠেছে, যার মূল উদ্দেশ্য দীর্ঘমেয়াদি আইনি লড়াইয়ের মাধ্যমে জমির দখল নিজেদের অনুকূলে রাখা।
বর্তমান রাজনৈতিক বাস্তবতার সুযোগ নিয়ে সমাজে প্রতিষ্ঠিত কোনো নিরপেক্ষ ও সম্মানিত নাগরিকের বৈধ অধিকার কেড়ে নেওয়ার জন্য তাঁকে কোনো বিশেষ রাজনৈতিক দলের তকমা লাগিয়ে দেওয়া এখন একটি সহজ অপকৌশল হয়ে দাঁড়িয়েছে।
এহেন উদ্ভূত প্রেক্ষাপটে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন ওঠা স্বাভাবিক ও জরুরি। সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করে যেখানে অবৈধ স্থাপনা তোলার চেষ্টা চলছে, সেখানে পুলিশের পক্ষ থেকে নানা টালবাহানা করা হচ্ছে।
পুলিশের তরফ থেকে ‘আদালত থেকে থানায় সরাসরি কোনো নির্দেশ আসেনি’ কিংবা ‘প্রতিপক্ষ ডিক্রি প্রদর্শন করেছে’ এমন অজুহাত দেখিয়ে নিষ্ক্রিয় ও দর্শকের ভূমিকা পালন করার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করেনি স্থানীয় থানা পুলিশ। অথচ প্রচলিত আইনি বিধান অনুযায়ী, উচ্চ আদালতের স্থিতাবস্থার আদেশের সত্যতা নিশ্চিত করা কপি বাদীপক্ষ পেশ করার পর তা যাচাই করে অবিলম্বে সব ধরনের নির্মাণকাজ স্থগিত করা পুলিশের অবশ্যপালনীয় আইনগত দায়িত্ব।