
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
মালয়েশিয়ার শাহ আলম শহরে একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে বিপ্লব নামের এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই তরুণ গত তিন বছর ধরে দেশটিতে একটি ফাস্ট ফুডের দোকানে চাকরি করছিলেন।
নিহত বিপ্লবের গ্রামের বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার মাঝিয়ালি গ্রামে। তাঁর বাবার নাম বায়েজিদ হোসেন। পরিবার সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে বিপ্লব ছিলেন সবার বড়।
মালয়েশিয়ায় প্রবাসজীবন কাটানোর সময় তিনি শাহ আলম শহরের একটি ফাস্ট ফুডের দোকানে কাজের পাশাপাশি ওই এলাকারই একটি বহুতল ভবনের নয়তলায় বসবাস করতেন। গত কাল বিকেলে তিনি নিজের বাসায় অবস্থান করছিলেন।
বিপ্লবের বাবা বায়েজিদ হোসেন তাঁর সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান যে, ওই দিন বিকেলে বাসা থেকেই নিচে পড়ে গিয়ে তাঁর ছেলে মারা গেছেন। বিদেশে থাকা অবস্থায় আকস্মিক এই দুর্ঘটনায় তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।