
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
গাজীপুরের শ্রীপুর শিল্পাঞ্চলের একটি পোশাক কারখানায় বহিরাগতদের একটি দল অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির এই অপচেষ্টার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
হামলার শিকার হওয়া হ্যামস গার্মেন্টসের মানবসম্পদ (এইচআর) বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মাহফুজুর রহমান সংবাদমাধ্যমকে জানান যে, তাঁদের প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে। তিনি ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানোর কথা উল্লেখ করেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল আলম জানিয়েছেন, এই অস্থিরতা ও বিশৃঙ্খলা যারা তৈরি করছে, তারা আদতে ওই কারখানার কোনো শ্রমিক নয়।
তিনি আরও স্পষ্ট করেন যে, মূলত কিছু বহিরাগত যুবক বিভিন্ন শিল্প কারখানার মূল ফটকের সামনে গিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পুলিশ সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থানে থাকায় ওই দুষ্কৃতকারীরা বেশিক্ষণ সেখানে টিকে থাকতে পারেনি।
পুলিশের ত্বরপরতা ও কঠোর অবস্থানের ফলে বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।