
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথোপকথনের রেকর্ড ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনার জেরে ভুক্তভোগী এক নারী ভিডিও বার্তা প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন।
ভিডিওবার্তায় যুবলীগ নেত্রী তাসকিরা তানিন সনি দাবি করেছেন, তাকে থানায় আটকের পর ভারপ্রাপ্ত কর্মকর্তা তার প্রতি অসদাচরণ ও শ্লীলতাহানি ঘটিয়েছেন। সেই সঙ্গে তাকে জড়িয়ে ধরার মতো আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে তিনি প্রকাশ্য বিচার দাবি করেছেন।
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন অভিযুক্ত দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল আজিম নোমান। তিনি স্বীকার করেছেন যে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডের কণ্ঠস্বর তারই।
তবে ওসির দাবি, অপরাধী গ্রেফতারে এটি ছিল পুলিশের একটি বিশেষ কৌশলগত পদক্ষেপ মাত্র। পুলিশি কার্যক্রমে বাধা সৃষ্টির উদ্দেশ্যে ওই নারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ষড়যন্ত্র করছেন বলে জানান তিনি। এ সময় আর্থিক লেনদেনসহ তার বিরুদ্ধে আনীত বাকি সব অভিযোগও তিনি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।
ঘটনাটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ গণমাধ্যমকে জানান, আলোচিত অডিও ক্লিপগুলো ইতিমধ্যেই তাদের নজরে এসেছে এবং সত্যতা যাচাইয়ের জন্য তা ফরেনসিক বা ফ্যাক্টচেকিংয়ে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার আরও স্পষ্ট করেন যে, তদন্তে এই ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ওসির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দাগনভূঞা থানার এই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করেছিল। মামলা গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর সুনির্দিষ্ট অভিযোগে আদালত এই শাস্তিমূলক পদক্ষেপের কথা বলেছিলেন।
আদালতের সেই নির্দেশনায় ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছিল। আদালতের আদেশের পর তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার একটি তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিলেন। তবে পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তাকে তার পূর্বের পদেই বহাল রাখা হয়।