
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত সময়ের আগেই চিকিৎসাসেবা কার্যক্রম গুটিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়ায় অনেক দূরদূরত্ব থেকে আসা রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়াই খালি হাতে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া নিবাসী আব্দুল হাই জানান, তিনি গত দুই দিন যাবত মারাত্মক গলাব্যথায় কষ্ট পাচ্ছেন। জরুরি চিকিৎসাসেবা পাওয়ার আশায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাসপাতালে এসেছিলেন তিনি। কিন্তু টিকিট না পাওয়ায় ডাক্তার দেখানো সম্ভব হয়নি এবং তাকে চিকিৎসাবঞ্চিত হয়েই ফিরে যেতে হচ্ছে।
একই ধরনের চরম দুর্ভোগের শিকার হওয়ার কথা জানান ফরিদা ও বিনা নামের আরও দুজন নারী রোগী। তারাও প্রত্যেকেই অনেক দূর থেকে হাসপাতালে এসেছিলেন। কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট প্রদান বন্ধ থাকায় তাদেরও চিকিৎসা না নিয়েই হতাশা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে।
ভুক্তভোগী রোগীদের জোরালো অভিযোগ, শরীর অসুস্থ থাকা সত্ত্বেও তারা সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের চিকিৎসাসেবা পাচ্ছেন না। নির্ধারিত সময়ের আগেই সেবা বন্ধ করে দেওয়ার ফলে এই ধরনের সংকটের সৃষ্টি হচ্ছে বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে এই বিষয়ে টিকিট কাউন্টারে দায়িত্বরত ফার্মাসিস্ট আতিকা আঞ্জুম এবং অফিস সহকারী রেখা ভিন্ন তথ্য প্রদান করেন। তাদের দাবি, সিভিল সার্জন মহোদয়ের পক্ষ থেকে বেলা ১টার মধ্যেই টিকিট বিতরণ ও রোগী দেখার কার্যক্রম বন্ধ করে দেওয়ার কড়া নির্দেশ রয়েছে। যে কারণে ঘড়ির কাঁটায় ১টা বাজার পর থেকে আর কাউ কাউকেই নতুন টিকিট দেওয়া হয় না।
অন্যদিকে, সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুন্নাহার। তিনি জানান, সরকারি নিয়ম ও বিধান অনুযায়ী সকাল ৮টা থেকে শুরু করে বেলা ২টা পর্যন্ত নিয়মিতভাবে রোগীদের চিকিৎসাসেবা দিতে হবে।
তিনি আরও বলেন, যেসব কর্মী বা ব্যক্তি ১টার মধ্যে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়ার মতো অনিয়মের কথা বলেছেন, তাদের এই দায়িত্বহীন আচরণের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবহিত করা হবে।
এ বিষয়ে নীলফামারীর সিভিল সার্জন মো. আব্দুর রাজ্জাক স্পষ্টভাবে জানান, সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত যদি হাসপাতালে রোগী উপস্থিত থাকে, তবে অবশ্যই তাদের যথাযথ সেবা প্রদান করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, হাসপাতালের বহির্বিভাগ বেলা আড়াইটা পর্যন্ত খোলা রাখা বাধ্যতামূলক এবং হাসপাতালে চিকিৎসাপ্রার্থী রোগী যত দীর্ঘক্ষণ অবস্থান করবেন, ঠিক ততক্ষণ পর্যন্ত তাদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যেতে হবে।