
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) দেওয়া একটি ঐতিহাসিক সিদ্ধান্তকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে যে দীর্ঘ বিতর্কের সৃষ্টি হয়েছিল, তার অবসান ঘটাতে হস্তক্ষেপ করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। সেনেগালের পক্ষ থেকে করা একটি গুরুত্বপূর্ণ আপিলের ভিত্তিতে আদালত সম্প্রতি এই রায় প্রদান করেন, যা মহাদেশীয় ফুটবলের প্রশাসনিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলেছে।
ঘটনার সূত্রপাত হয়েছিল এর ঠিক দুই মাস পূর্বে, যখন শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ এনে সেনেগালের অর্জিত শিরোপা কেড়ে নেওয়া হয়। সেই সঙ্গে প্রতিপক্ষ মরক্কোকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করেছিল সিএএফ কর্তৃপক্ষ। সিএএফের এই আকস্মিক ও কঠোর সিদ্ধান্তের প্রতিবাদে তখনই সোচ্চার হয় সেনেগাল ফুটবল ফেডারেশন এবং তারা ন্যায়বিচারের আশায় ক্রীড়া আদালতের শরণাপন্ন হয়।
দীর্ঘ শুনানি ও পর্যালোচনা শেষে মঙ্গলবার ক্রীড়া আদালত তাদের চূড়ান্ত রায় ঘোষণা করেন। আদালতের এই রায়ে সিএএফের আপিল কমিটির নেওয়া পূর্ববর্তী সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, এর আগে সিএএফের শৃঙ্খলা কমিটি যে রায় দিয়েছিল, আদালত সেটিকেও সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন।
সেনেগালের আপিলের পক্ষে নিজেদের সুনির্দিষ্ট আইনি যুক্তি তুলে ধরেছে ক্রীড়া আদালত। আদালতের রায়ে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে, মূল ম্যাচে রেফারি যখন খেলাটি পুনরায় মাঠে গড়ায় সিদ্বান্ত গ্রহণ করেছিলেন, সেই সুনির্দিষ্ট মুহূর্তে উভয় দলের ফুটবলাররাই নির্ধারিত মাঠে উপস্থিত ছিলেন এবং খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে নিজেদের পূর্ণ সম্মতিও দিয়েছিলেন।
আদালতের এই পর্যবেক্ষণে আরও স্পষ্ট করা হয়েছে যে, যেহেতু খেলোয়াড়দের মাঠের উপস্থিতি ও খেলার সম্মতি নিশ্চিত হয়েছিল, তাই এই সম্পূর্ণ বিষয়টি একান্তভাবেই মাঠের খেলার নিয়মের সীমানা ও সিদ্ধান্তের আওতাভুক্ত। ফলে প্রশাসনিকভাবে বাইরে থেকে ম্যাচ বা শিরোপার ফলাফল পাল্টে দেওয়ার আইনি ভিত্তি নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে এই রায়ের মাধ্যমে।