
নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
তরুণ প্রজন্মের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করতে চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। একটি নমুনা ভাইভা বোর্ডে যুব উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তিগত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
পরীক্ষক এমদাদুল হক সরকারের কাছে জানতে চান যে, যুব সমাজের উন্নয়নে কীভাবে চতুর্থ শিল্পবিপ্লব বা 4IR-এর প্রযুক্তিগুলোকে সঠিকভাবে কাজে লাগনো সম্ভবপর হতে পারে।
জবাবে এমদাদুল হক সরকার জানান যে, যুব উন্নয়ন অধিদপ্তর যুবসমাজকে নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা, থ্রিডি প্রিন্টিং ও রোবোটিকসের মতো 4IR-ভিত্তিক প্রশিক্ষণ চালুর মাধ্যমে দেশের তরুণদের যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদে রূপান্তর করা যায়।
এরপর পরীক্ষক পাল্টা প্রশ্ন রেখে বলেন যে, তার জানা মতে দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা, থ্রিডি প্রিন্টিং এবং রোবোটিকস প্রশিক্ষণের যথেষ্ট সুযোগ নেই। এমনকি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এসংক্রান্ত পর্যাপ্ত সিলেবাস বা পাঠ্যক্রম এখনো চালু করা হয়নি। এই পরিস্থিতিতে একজন নীতিনির্ধারকের ভূমিকা কী হওয়া উচিত?
এই প্রশ্নের উত্তরে এমদাদুল হক সরকার স্পষ্ট করেন যে, নীতিনির্ধারক হিসেবে তাঁর প্রথম কাজ হবে যুব উন্নয়ন অধিদপ্তরের বর্তমান প্রশিক্ষণ কাঠামোগুলো এবং প্রশিক্ষকদের সক্ষমতা যাচাই করা। এরপর সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, থ্রিডি প্রিন্টিং এবং ডেটা অ্যানালিটিকস বিষয়ের ওপর ক্রমান্বয়ে পাইলটভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা।
এই লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিশ্ববিদ্যালয়সমূহ, হাই-টেক পার্ক, বিভিন্ন বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথ অংশীদারত্ব গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন।
পাশাপাশি তিনি বিদেশে প্রশিক্ষক পাঠানোর মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, বিশেষ ট্রেইন দ্য ট্রেইনার্স কর্মসূচি গ্রহণ, আধুনিক প্রযুক্তি ল্যাব স্থাপন এবং ডিজিটাল মাধ্যমে অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করেন।