নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
সিরাজগঞ্জের রায়গঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মো. নাছার আলী (৫০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চান্দাইকোনা বাজারে একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে যাওয়ার পথেই প্রাণ হারান তিনি।
নিহত নাছার আলী রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের আবুদিয়া এলাকার মুন্সিবাড়ির বাসিন্দা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ি থেকে চান্দাইকোনা বাজারে একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে বের হন নাছার আলী। পথে চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক পার হয়ে পূর্ব পাশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহরের দিকে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক মুরব্বির মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে থানা পুলিশ তদন্ত করছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর