নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (আইকাও) একটি প্রতিনিধিদল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছে। নিরীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে থাকা নিরাপত্তাসংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হয়।
পরিদর্শনের সময় যাত্রীদের হোল্ড ব্যাগেজ এবং কেবিন ব্যাগেজ স্ক্যানিংয়ের কাজে ব্যবহৃত মেশিনের কার্যকারিতা সরাসরি তদারকি করা হয়। একইসঙ্গে এক্সপ্লোসিভ ট্রেস ডিটেকশন সিস্টেম বা ইটিডিএস, ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের মতো সংবেদনশীল যন্ত্রগুলোর ভূমিকা পর্যালোচনা করা হয়। এসব যন্ত্রের নিয়মিত রক্ষণাবেক্ষণপদ্ধতি, ক্যালিব্রেশন এবং সার্বিক যাচাইপ্রক্রিয়া কেমন চলছে, সে বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেন আন্তর্জাতিক নিরীক্ষকরা।
নিরাপত্তার কাজে নিয়োজিত এসব স্পর্শকাতর যন্ত্রপাতি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত আছেন, তাদের পেশাগত দক্ষতার সনদপত্রগুলোও খতিয়ে দেখা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মীরা যথাযথ যোগ্যতার অধিকারী কি না, তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিমানবন্দরের নিয়োজিত নিরাপত্তাকর্মীরা আন্তর্জাতিক ও নির্ধারিত মানদণ্ড পুরোপুরি মেনে যাত্রীদের তল্লাশি করছেন কি না, তা যাচাই করা হয়। এই উদ্দেশ্যে ক্লোজড সার্কেট টেলিভিশন বা সিসিটিভির ধারণকৃত ফুটেজ গভীরভাবে পর্যালোচনা করেন বিদেশি বিশেষজ্ঞরা।
তালিকায় থাকা নজরদারির অন্যান্য বিষয়ের মধ্যে বিমানবন্দরের রানওয়ে এবং কার্গো টার্মিনালের নিরাপত্তাব্যবস্থাও অত্যন্ত গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি, সুনির্দিষ্ট নিরাপত্তা পাসের নীতিমালা অনুসরণ করেই কেবল যাত্রী ও দর্শনার্থীরা বিমানবন্দরের ভেতরে প্রবেশাধিকার পাচ্ছেন কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেন নিরীক্ষক দলের সদস্যরা।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর