নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাস্তা থেকে অচেতন অবস্থায় মো. জাবেদ উদ্দিন (২২) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসা শেষে আজ রোববার সকালে তিনি বাড়ি ফেরেন।
উদ্ধার হওয়া জাবেদ আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ইদ্রিছ চেয়ারম্যান বাড়ির বরফকল এলাকার মোহাম্মদ মুসার ছেলে। তাঁর পরিবারে প্রায় সাত লাখ টাকা ঋণ রয়েছে।
জাবেদ জানান, প্রবাসী বড় ভাইয়ের পাঠানো ১ লাখ ২৭ হাজার টাকা ব্যাংক থেকে তুলে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। পেছনের আসনে তাঁর পাশে বসা দুই নারীর আচরণ সন্দেহজনক মনে হলে তিনি নেমে যাওয়ার চেষ্টা করেন। এ সময় নারীরা তাঁকে টেনে ধরে মুখে স্প্রে করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
জ্ঞান ফেরার পর হাসপাতালে নিজেকে আবিষ্কার করেন জাবেদ এবং তাঁর কাছে থাকা ১ লাখ ২৭ হাজার টাকা উধাও দেখতে পান। ওই নারীরা তাঁকে অজ্ঞান করে টাকাগুলো হাতিয়ে নিয়েছেন বলে জানান তিনি। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করবেন বলে উল্লেখ করেন এই তরুণ।
আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. মুজিবুর রহমান জানান, পূজামণ্ডপের ডিউটি শেষে ফেরার পথে রাস্তার পাশে লোকজনের জটলা দেখে তাঁরা এগিয়ে যান। পরে বেহুঁশ অবস্থায় পড়ে থাকা ওই তরুণকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর