নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার ৪ নম্বর ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রায় ২ কিলোমিটার সড়কের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন পশ্চিম প্রেমহার যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ।
ষাইটপাকিয়া বাজার থেকে প্রেমহার মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের দুই পাশের ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কারের এ উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সাব্বির আহমেদের নিজস্ব উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি সড়কের পাশে পুনরায় আগাছা জন্মানো রোধে আগাছা দমনের ওষুধও প্রয়োগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী প্রেমহার মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। এ ছাড়া সড়কটি আশপাশের বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। দীর্ঘদিন ধরে রাস্তার দুই পাশে ঘন ঝোপঝাড় ও জঙ্গল বেড়ে ওঠায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।
বিশেষ করে যানবাহন চলাচলের সময় জায়গা সংকুচিত হয়ে পড়ায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল।
এমন পরিস্থিতিতে জনদুর্ভোগ কমানো, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সড়কটি চলাচলের উপযোগী রাখতে এ উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়দের অংশগ্রহণে সড়কের দুই পাশ পরিষ্কার করায় পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন এলাকাবাসী।
সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত সাব্বির আহমেদ এর আগেও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কাজে অংশ নিয়েছেন। স্থানীয় পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি, মানুষের দুর্ভোগ লাঘব এবং এলাকার উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যেও তিনি কাজ করে যাচ্ছেন।
এলাকার মানুষের প্রত্যাশা, এ ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ অব্যাহত থাকলে গ্রামীণ সড়কের পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল আরও নিরাপদ হবে। একই সঙ্গে সমাজের অন্যান্য তরুণও নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত হবেন।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর