নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। শনিবার যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী-পরবর্তী একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেই এই সুখবর জানান অভিনেত্রী।
২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এর পর থেকে সেখানেই বসবাস করছেন তিনি। মেয়ে ফাইজার পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসার বিষয়টিও দেখভাল করছিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তার দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ছিল বলে জানা গেছে। অবশেষে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ায় সেই অপেক্ষার অবসান হলো তার।
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড দেশটিতে বিদেশিদের স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস ও কাজ করার সুযোগ দেয়। নির্ধারিত অভিবাসন আইন ও শর্ত পূরণ সাপেক্ষে স্থায়ী বাসিন্দারা পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের জন্যও আবেদন করতে পারেন।
বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রেখেছেন মৌসুমী। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। অভিনয়দক্ষতা ও পর্দায় স্বতন্ত্র উপস্থিতির কারণে কয়েক দশক ধরে দর্শকের ভালোবাসা পেয়ে আসছেন এই অভিনেত্রী।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর