নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
১৫ ও ১৬ অক্টোবর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ব্যবস্থাপনায় দুই দিনের চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট’ (আইসিসিএ ২০২৬) সম্পন্ন হয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রযুক্তিবিশেষজ্ঞ, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদরা আধুনিক কম্পিউটিং প্রযুক্তির বিকাশ, নতুন আবিষ্কার এবং বিভিন্ন গবেষণা নিয়ে এই আসরে মতবিনিময় করেন ও নিজেদের কাজ তুলে ধরেন।
এবারের আসরে ১৭টি রাষ্ট্র থেকে ৯০০-এর বেশি গবেষণাপত্র জমা পড়ে, যার মধ্য থেকে বাছাইকৃত ২১৪টি গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ পায়। এসব নির্বাচিত পেপারে কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি আমাদের দেশের গবেষকদের কাজও স্থান পায়।
প্রযুক্তির অগ্রযাত্রার অংশ হিসেবে সম্মেলনে ব্লকচেইন, ডেটা সায়েন্স, সাইবার নিরাপত্তা, ইন্টারনেট অব থিংস (আইওটি), মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো আধুনিক বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়ে গবেষণা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করা হয়।
গত ১৫ অক্টোবর আয়োজিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল, এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক উপাচার্য কারমেন জেড লামাগনা, উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ও প্রোগ্রাম চেয়ার অধ্যাপক দীপ নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সহযোগী ডিন ও জেনারেল চেয়ার অধ্যাপক খন্দকার তাবিন হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক।
পরবর্তীতে ১৬ অক্টোবর আয়োজিত সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাসানুল এ হাসান। উক্ত সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক মো. আব্দুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ারসহ প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ।
সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর