নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
স্বাস্থ্য অধিদপ্তরের সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১ থেকে ২০তম গ্রেডের শূন্য পদে কর্মী নিয়োগের বর্তমান অবস্থা জানাতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ১২ অক্টোবর স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এই সংক্রান্ত চিঠিটি ইস্যু করা হয়।
চিঠিটির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সকল বিভাগীয় পরিচালক এবং সিভিল সার্জনদের অতি দ্রুত জরুরি ভিত্তিতে নির্ধারিত তথ্যদি পাঠানোর নির্দেশ প্রদান করা হয়।
সর্বসাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার দেশব্যাপী এক লাখ নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। এই লক্ষ্যের অংশ হিসেবেই ১১-২০তম গ্রেডের অর্থাৎ পুরোনো তৃতীয় ও চতুর্থ শ্রেণির খালি পদগুলোতে জনবল নিয়োগের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।
চিঠিতে মূলত সিভিল সার্জন কার্যালয়গুলোতে প্রাপ্ত ছাড়পত্রের তারিখ, ছাড়পত্র পাওয়া পদের মোট সংখ্যা, কতজন কর্মী ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন এবং তাদের নিয়োগের তারিখ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছে।
যদি কোনো নির্দিষ্ট পদে এখন পর্যন্ত জনবল নিয়োগ দেওয়া সম্ভব না হয়ে থাকে, তবে তার উপযুক্ত কারণও লিখিত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় থেকে পাঠানো ওই চিঠিতে ছক অনুযায়ী সমস্ত তথ্য দ্রুততম সময়ে স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে।
সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর