নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
ইরান হরমুজ প্রণালির তলদেশ দিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবলগুলো কেটে ফেলার নতুন হুমকি দিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল মোহেব্বি সতর্ক করে বলেছেন, এই কেবলগুলো ক্ষতিগ্রস্ত হলে বিশ্বজুড়ে আর্থিক বাজার, ব্যাংক লেনদেন, চিকিৎসাসেবা এবং ইন্টারনেট যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। তিনি জানান, ওই প্রণালির নিচ দিয়ে সাতটি বড় কেবল রয়েছে, যেগুলোর মাধ্যমেই আন্তর্জাতিক বাণিজ্য ও ইন্টারনেটের সমস্ত ডেটা প্রবাহিত হয়।
জেনারেল মোহেব্বির মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাত ইতোমধ্যে অষ্টম মাসে এসে পৌঁছেছে। যদিও বর্তমানে সংঘাতের তীব্রতা কিছুটা হ্রাস পেয়েছে, তবে এই বিরতির পর যেকোনো মুহূর্তে যুদ্ধের সম্ভাব্য ‘তৃতীয় ধাপ’ শুরু হতে পারে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সেই নতুন পর্বে তেহরান সম্পূর্ণ নতুন ভৌগোলিক ক্ষেত্র, কৌশলগত লক্ষ্যবস্তু ও উন্নত অস্ত্রের ব্যবহার ঘটাবে। এর বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুমকি দিয়েছেন যে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর তেহরানের ওপর পুনরায় সামরিক হামলা চালানো হতে পারে।
বিশেষ করে একটি সুনির্দিষ্ট সাবমেরিন কেবলের কথা তুলে ধরেছে আইআরজিসি, যা দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত প্রায় ১৫ হাজার ৫০০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত। বিবরণটি মিল রয়েছে এশিয়া-আফ্রিকা-ইউরোপ-১ (এএফই-১) নামের সমুদ্রতলীয় কেবলটির সাথে। এই কেবলটি ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের সঙ্গে যুক্ত রয়েছে। এশিয় অঞ্চলের দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও মিয়ানমার এই ইন্টারনেট অবকাঠামোর সঙ্গে সংযুক্ত থাকলেও এর মধ্যে বাংলাদেশ নেই।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর